জেপ ব্লাটারের পদত্যাগের দাবি জানিয়েছে ফিফার চার প্রধান স্পন্সর কোকা-কোলা, ভিসা, বাডওয়াইজার ও ম্যাকডোনাল্ডস। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির সভাপতি এই চাপের পরেও সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
চারটি স্পন্সর কোম্পানিই আলাদা বিবৃতিতে জানায়, ব্লাটারের বিরুদ্ধে সুইস কর্তৃপক্ষ গত সপ্তাহে ফৌজদারী তদন্ত শুরু করায় তার পদত্যাগ করা উচিত।
সবার আগে দেওয়া কোকা-কোলার বিবৃতিতে বলা হয়, একেকটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে ফিফার ভাবমূর্তি ও সুনাম ম্লান হচ্ছে।
ম্যাকডোনাল্ডস জানায়, ফুটবলের ভালোর জন্য ব্লাটারের চলে যাওয়া উচিত।
সুইস কর্তৃপক্ষের অভিযোগ, ৭৯ বছর বয়সী ব্লাটার ‘ফিফার জন্য নেতিবাচক’ এমন চুক্তি করেছেন এবং ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে ‘অবৈধ উপায়ে অর্থ’ দিয়েছেন।
শুক্রবার আইনজীবীদের মাধ্যমে দেওয়া বিবৃতিতে ব্লাটার জানান, এখন পদত্যাগ করলে তা ফিফার জন্য ভালো হবে না এবং তা ফিফার সংস্কার প্রক্রিয়াকে এগিয়েও নিবে না।
তবে বাডওয়াইজারের মূল কোম্পানি এবি ইনবেভ জানায়, তারা মনে করছে, ব্লাটার নিজেই সংস্কার প্রক্রিয়ার জন্য একটি প্রতিবন্ধকতা। আর ভিসা জানিয়েছে, ফিফা আর ফুটবলের ভালোর জন্য ব্লাটারের এখনই পদত্যাগ করা উচিত।
গত মে মাসে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেফতার করে সুইস পুলিশ। এর দুই দিন পর ২৯ মে ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো জেতেন ব্লাটার। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২ জুন তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে থাকা ৭৯ বছর বয়সী ব্লাটার অবশ্য প্রথম থেকেই কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছেন।
কেএইচ





