দক্ষিণ আফ্রিকা সফর শেষ। দু-একদিনের মধ্যেই দেশে পা রাখবেন ক্রিকেটাররা। অবশ্য এখন হিসাব-নিকাশের পালা শুরু হয়ে গেছে। এই সফর থেকে কী পেল বাংলাদেশ।
সে কাতারে নাম লিখিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও। দলের এই ব্যর্থতার কারণ খুঁজে পাচ্ছেন না তিনিও।
সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরের সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশে। টেস্টে ২-০তে, ওয়ানডেতে ৩-০ ব্যবধানে এবং টি-টোয়েন্টিতে ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, ব্যাট-বলে হাতে চরম হতাশ করেছেন খেলোয়াড়রাও।
দলের এই ব্যর্থতায় চরম হতাশ সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল। বলেছেন, ‘সত্যি কথা বলতে কি, আমি নিজে ভেবে পাচ্ছি না, কেন এতটা খারাপ করল দল। তবে এটা বাংলাদেশের আসল খেলা নয়। এর চেয়েও ভালো খেলার সামর্থ্য আছে আমাদের ক্রিকেটারদের।’
চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ টেনে সাবেক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে আরো কঠিন কন্ডিশনে খেলেছিল দল।
কিন্তু সেখানে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছিলাম। অবশ্য দক্ষিণ আফ্রিকায় কেন এত খারাপ করেছি, এর কারণ আমার কাছে পরিষ্কার নয়।’
তবে ভবিষ্যতে এই অবস্থা কাটিয়ে উঠবে বলে আশাবাদী হাবিবুল, ‘সামনে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। তা ছাড়া বিপিএল তো আছেই। আশা করছি দ্রুতই ক্রিকেটাররা তাদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাবে।
এএস





