আগামী মৌসুমে অস্ট্রেলিয়ান টুয়েন্টি টুয়েন্টি বিগ ব্যাশে খেলতে পারেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তারকা এ পেসারের ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।

ম্যাচ ফিক্সিং-এর অপরাধে আমিরের পাঁচ বছরের নিষেধাজ্ঞা আগামী আগস্টে শেষ হবে। এরপরই আন্তর্জাতিকসহ অন্যান্য টুর্নামেন্টে খেলতেও পারবেন আমির।

বিগ ব্যাশে আমিরকে দলে ফেরাতে তার ম্যানেজারের সাথে ইতোমধ্যে আলোচনাও করেছেন টুর্নামেন্টের দু’টি দল। বাঁ-হাতি এই পেসারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টারস।

সূত্র জানিয়েছে, ‘আমিরের ম্যানেজার জানিয়েছে, আগামী মৌসুমের জন্য মেলবোর্নে দু’টি দল তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে। তবে আমির এখনো চূড়ান্তভাবে কিছু বলেননি।’

তবে আমিরের মূল লক্ষ্য জাতীয় দলে ফেরা। এজন্য বেশ আগ থেকে নিজেকে নিয়ে কাজও শুরু করে দিয়েছেন তিনি। সদ্য পাকিস্তানের ঘরোয়া সুপার এইট টি-২০ ক্রিকেটে রাওয়ালপিন্ডির হয়ে খেলেছেন আমির। টুর্নামেন্টে দারুণ বলও করেছেন তিনি।

জেডআই