ফ্রান্সের জাতীয় দলের হয়ে আর খেলবেন না ফ্রাঙ্ক রিবেরি। পরিবার ও ক্লাবে মনোযোগী হতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা।

২০০৬ সালে ফ্রান্সের জাতীয় দলের হয়ে অভিষেক হয় রিবেরির। এরপর দেশের হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। করেছেন ১৬টি গোল। স্বপ্ন ছিল ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপে মাঠে নামার। কিন্তু ইনজুরি তার স্বপ্ন পূরণ করতে দেয়নি। পিঠে চোট থাকার কারণে দলের সঙ্গে ব্রাজিলের যাওয়া হয়নি এই তারকার।

২০১৮ বিশ্বকাপে রিবেরির বয়স হবে ৩৫ বছর। তখন দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা কঠিন হতে পারে। হয়তো সুযোগ নাও হতে পারে। তাই নবীনদেরকে সুযোগ দিতে এখনই অবসর নেয়ার সঠিক সময় বলে মনে করছেন তিনি।

'কিকার'কে দেয়া এক সাক্ষাৎকারে রিবেরি বলেছেন, "আমি মনে করি অবসর নেয়ার জন্য এটাই উপযুক্ত সময়। আমি পরিবারকে আরো বেশি সময় দিতে চাই ও বায়ার্নে বেশি মনোযোগী হতে চাই। একই সঙ্গে সেরা তরুণ খেলোয়াড়দেরকে সুযোগ করে দিতে জায়গা ছেড়ে দিচ্ছি।"

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই