নারীকে বলা হয় সৌন্দর্য’র প্রতীক। তাই পুরুষদের তুলনায় সাজ-গোজটা একটু বেশিই পছন্দ তাদের। সুন্দরকে আরো সুন্দর করতে অভাব নেই উপকরণের। নারীর পছন্দের তালিকায় থাকা অন্যতম সাজের উপকরণ অলঙ্কার। এখন প্রশ্ন হচ্ছে একজন খেলোয়াড়ের ক্ষেত্রেও কি প্রথাগত এসব কথা প্রযোজ্য? ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা উত্তর দিয়েছেন, অবশ্যই। বলেছেন, ‘আমি আগে একজন নারী, পরে খেলোয়াড়।’
টেনিসের কোর্টে অনেকের সঙ্গে জুটি বেঁধে খেলেছেন সানিয়া। কিন্তু জীবনের কোর্টে জুটি বেধেছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে। সম্প্রতি তিনি গিয়েছিলেন ভারতের আন্তর্জাতিক জুয়েলারি সপ্তাহের পালন উৎসবে। সেই উৎসবেই নিজেকে আগে নারী হিসেবে পরিচয় দিয়েছেন সানিয়া।
তিনি বলেছেন, ‘আমি একজন খেলোয়াড়। তবে সবার আগে আমি একজন মেয়ে। তাই অন্য মেয়েদের মতো অলঙ্কার আমারও প্রিয়। খেলোয়াড় হওয়ার অর্থ এই নয় যে, অন্য মেয়েদের যেসব বিষয় পছন্দ আমি সেসব সম্পর্কে উদাসীন।’
শুধু কথায় নয়, কাজেও প্রমাণ রেখেছেন সানিয়া। জুয়েলারি মেলা থেকে নিজের মতো করে অলঙ্কার সংগ্রহ করেছেন সানিয়াও। ডিজাইনার মনি আগারওয়ালের ডিজাইনকৃত ‘জোরাকশি’ সঙ্গে করে নিয়েছেন।
উল্লেখ্য, টেনিসে এশিয়া অঞ্চলের অন্যতম সফল নারী তারকা সানিয়া মির্জা। মার্টিনা হিঙ্গিসের সঙ্গে এবার জিতেছেন উইম্বলডন ওপেন। নারী দ্বৈতে এটিই তার প্রথম গ্র্যান্ডস্লাম। এ ছাড়াও মিশ্র দ্বৈতে এর আগে জিতেছেন ৩টি গ্র্যান্ডস্লাম শিরোপা।
এএইচ





