ভারতের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ও অফ-স্পিনার ম্যালকম ওয়ালার।

এছাড়া দলে আরো ডাকা হয়েছে পেস বোলার ডোনাল্ড তিরিপানো, অল-রাউন্ডার নেভিলে মাডজিভা এবং উইকেটরক্ষক রেজিস চাকাভাকে।

গত মে মাসে পাকিস্তান সফরে যাওয়া ১৬জনের দল থেকে ঘরের মাঠের সিরিজে বাদ পড়েছেন পাঁচজন। তারা হলেন চার্লেস কভেন্ট্রি, ক্রেইগ এরউইন, রয় কায়া, টাওয়ান্ডা মুপারিয়া এবং ক্রিস্টোফার এমপফু।

এ প্রসঙ্গে নির্বাচক কমিটির বিদায়ী প্রধান গিভমোর মাকোনি জিম্বাবুয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, দলের ভারসাম্য রক্ষা করতে গিয়ে আমরা নয়জন ব্যাটসম্যান, চারজন সীমার এবং দুইজন বিশেষজ্ঞ স্পিনারকে দলভূক্ত করেছি।

আমাদের লক্ষ্য হচ্ছে সিরিজ জয়ের চেষ্টা করা। ভারতও শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছে, আমরাও তাদেরকে দারুন সমীহের চোখেই দেখছি।

এমপফু এবং কায়া সিরিজের পরবর্তী ম্যাচগুলোর জন্য বিবেচিত হতে পারেন। কভেন্ট্রি মূলত টি২০ দলের জন্য আমাদের নজড়ে আছেন। আর এরউইন হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন।

শুক্রবারের উদ্বোধনী ম্যাচের পরে দল দুটি আবারো রোববাও ও মঙ্গলবার একই ভেন্যুতে পরের দুটি ম্যাচ খেলবে। ১৭ জুলাই থেকে দুই ম্যাচের টি২০ সিরিজও একই মাঠে অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড : এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা বাট, রেজিস চাকাবা, চামুনোরওয়া চিবাবা, গ্র্যায়েম ক্রিমার, নেভিলে মাডজিভা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুটুমবামি, টিনাশে পানইয়ানগারা, ভুসিমুজি সিবান্দা, ডোনাল্ড তিরিপানো, প্রস্পার উতসেয়া, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস।

এমকে