চলতি মৌসুমে এ পর্যন্ত বার্সেলোনা প্রতিপক্ষের জালে ৪৮বার বল জড়িয়েছে। পক্ষান্তরে প্রতিপক্ষরা তাদের জালে বল জড়িয়েছে ৯ বার। লা লিগায় এই ১৯ ম্যাচে গোলরক্ষকের দায়িত্ব পালন করেছেন ক্লাউদিও ব্রাভো। মৌসুমের অর্ধেক ম্যাচ শেষে তিনি মাত্র ৯টি গোল হজম করেছেন।
দুই অঙ্কের কম গোল হজম করার রেকর্ড আজ থেকে ২১ বছর আগে (১৯৯৩-৯৪ মৌসুমে) লা লিগায় হয়েছিল। ২১ বছর পর প্রথম কোনো গোলরক্ষক হিসেবে ব্রাভো সেই রেকর্ড ছুঁলেন। অবশ্য ১৯৯৫-৯৬ মৌসুমে অ্যাটলেটিকোর গোলরক্ষক মোনিলা মাত্র ৮টি গোল হজম করেছিলেন। সেটা এখনো পর্যন্ত লা লিগার গোলরক্ষকদের সেরা রেকর্ড। এর আগে বার্সেলোনার আন্দোনি জুবিজারেতা ১৯৮৬-৮৭ মৌসুমে ব্রাভোর সমান গোল হজম করেছিলেন।
ব্রাভো যে নয়টি গোল হজম করেছেন তার ৩ গোল করেছে রিয়াল মাদ্রিদ। একটি করে গোল করেছে সেল্টা ভিগো, আলমেরিয়া, সেভিয়া, এস্পানিওল, রিয়াল সোসিয়েদাদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।
ব্রাভোর এমন কৃতিত্বের কারণে জামোরা ট্রফি জয়ের দৌঁড়ে এগিয়ে আছেন। মৌসুম শেষে জামোরা ট্রফি সেরা গোলরক্ষকের হাতে তুলে দেয়া হবে। ইতিমধ্যে ব্রাভো লা লিগার সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, এ মৌসুমে ১৯টি ম্যাচ খেলেছে বার্সেলোনা। মোট ম্যাচের হিসেবে তারা ইতিমধ্যে অর্ধেক ম্যাচ খেলে ফেলেছে। ১৯ ম্যাচের ১৪ টি জয়, ২টি ড্র ও ৩টি হারে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে।
কেএইচ





