এশিয়া কাপে ভালো খেলার জন্য সতীর্থ ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে হতাশা ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা বললেন মাশরাফি।

আরো একটি স্বপ্নভঙ্গের রাত। ৪ বছর আগের সেই দুঃখ। এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ মাশরাফি বিন মুর্তজা।

হারের কারণ প্রসঙ্গে মাশরাফি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ২০ রান কম করেছি। এ রান পুঁজি করে শুরুতে উইকেট না পেলে ম্যাচ কঠিন হয়ে যায়। আমরা যে রান করেছিলাম সেটাও ১৫ ওভারে করা কঠিন। কিন্তু আমরা শুরুতে ওদের উইকেট নিতে পারিনি। ওদের হাতে অনেক উইকেট ছিল। দ্বিতীয় ইনিংসে উইকেট আরো ভালো হয়ে গিয়েছিল। ব্যাটিংয়ে আরো ২০ রান কিংবা শুরুতে ২/৩ উইকেট নিতে পারলে আমাদের অনেক ভালো করা সম্ভব ছিল।’

ফাইনালকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছিল। পুরো বাংলাদেশ টাইগারদের জয়গান গাচ্ছিল। একটি টিকেটের জন্য অনেকেই পুলিশের হাতে ধাওয়া খেয়েছেন। অনেকেই আহত হয়েছে। বিষয়গুলো নিয়ে মাশরাফি ম্যাচের আগেই ক্রিকেটপ্রিয় ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ম্যাচ শেষেও বললেন একই কথা, ‘বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ তাদের কাজ রেখে খেলা দেখেছে। অনেকে টিকেটের জন্যে আহত হয়েছে। এটা আমাদের জায়গা থেকে হতাশাজনক। ভালো করতে না পারায় আমাদের খুব খারাপ লাগছে।’

তবে এ হার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালোর পথে এগিয়ে যেতে বদ্ধপরিকর মাশরাফি। আত্মবিশ্বাসী কন্ঠে মাশরাফি বলেন, ‘জয় সবসমই জয়। জয় সবসময়ই আনন্দের। টি-টোয়েন্টি বিবেচনায় আমরা এখান (ফাইনাল) পর্যন্ত এসেছি সেটাও অনেক। আমি আগেও বলেছি আমাদের এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’

এমই