ভাগ্যের সহায়তায় টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইমরুল বিদায় নিলেও তামিম-মুমিনুলের ব্যাটে ভর করে এরই মধ্যে শত রান পার করেছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ১০৬ রান।
এর আগে ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই বিদায় নেন ইমরুল কায়েস। ব্যক্তিগত ১ রান করে ক্রিস ওকসের বলে বেন ডাকেটের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন টাইগার এই ব্যাটসম্যান।
এদিকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। শফিউল ইসলামের পরিবর্তে এ ম্যাচে অন্তর্ভুক্ত হয়েছেন অলরাউন্ডার শুভাগত হোম। আগের দিনের বৃষ্টি দেখে প্রধান নির্বাচক জানিয়েছিলেন দুই পেসার নিয়ে ঢাকা টেস্টে নামছে বাংলাদেশ।
সেক্ষেত্রে অভিষেক হচ্ছে শুভাশীষ রায়ের। তবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত আর বৃষ্টি না হওয়ায় এক পেসার নিয়েই মাঠে নামে বাংলাদেশ। তাই একাদশে সুযোগ পেয়ে যান শুভাগত।
আর ইংল্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে অলরাউন্ডার জাফর আনসারির। গ্যারেথ ব্যাটির পরিবর্তে একাদশে ঢুকেছেন তিনি। এছাড়াও একাদশে ঢুকেছেন স্টিভেন ফিন। দল থেকে বাদ পড়েছেন শততম টেস্ট খেলার হাতছানিতে থাকা স্টুয়ার্ট ব্রড।
এমএনজে





