একদিন আগে বাফুফের জরুরি সভায় ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিন বা সর্বোচ্চ ৬ মাসের মতো তিনি বাফুফের প্রধান নির্বাহীর দায়িত্ব সামলাবেন।

ঈদের আগে মঙ্গলবার শেষ কার্যদিবস ছিল বাফুফের। ঈদ কবে হবে তার ওপর নির্ভর করবে, ঈদের পর কবে অফিস খুলবে বাফুফের। বাস্তবিক অর্থে ঈদের পর থেকেই দায়িত্ব পুরোদমে পালন শুরু হবে নতুন এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের।

দায়িত্বের প্রথম দিন কেমন কাটলো ইমরান হোসেন তুষারের? বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘বাফুফে ভবনে আসটা তো আমার জন্য নতুন নয়। তবে আজ (মঙ্গলবার) নতুন দায়িত্ব নিয়ে এসেছিলাম। এটাই ব্যতিক্রম। আমি প্রথম দিনে বিভাগীয় প্রধানদের সঙ্গে ভিন্নভিন্নভাবে বৈঠক করেছি। কোন বিভাগের কি অবস্থা জানার চেষ্টা করছি। তাছাড়া সামনে ঈদ, ছুটি-ছাটার বিষয়ও আছে। এইগুলো নিয়েই মূলত প্রথম দিন ব্যস্ত থাকতে হয়েছে। তারপর বিকেলে গিয়েছিলেন কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের খেলা দেখতে।’

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব শুরু কলেও তিনি প্রথম দিন অফিস করেছেন তার পূর্বের কক্ষেই। সাধারণ সম্পাদকের কক্ষ পাওয়া প্রসঙ্গে বলেন, ‘আগের সাধারণ সম্পাদক যে কক্ষে অফিস করতেন সেটা এখন বন্ধ আছে। ওখানে তার (মো. আবু নাইম সোহাগ) জিনিসপত্র আছে। আমাদের সংশ্লিষ্ট বিভাগ সেগুলো গোছগাছ করে তাকে বুঝিয়ে দেবেন। তিনি লোক দিয়ে নিয়ে যাবেন, না হয়ে আমাদের লোকেরা পৌঁছে দেবেন। তার কোনো পাওনা থাকলে সেটাও বুঝে নেবেন। তারপর হয়তো আমি সেই কক্ষে বসতে পারবো।’

প্রথম দিন আপনাকে গাড়ি ব্যবহার করতে হয়েছে। কোন গাড়ীটি আপনাকে দেওয়া হয়েছে? ‘আগের সাধারণ সম্পাদক যে গাড়ি ব্যবহার করেছিলেন সেটাই আমি ব্যবহার করেছি’ - বলেছেন ইমরান হোসেন তুষার।

এবি