অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির বোলিং ঝড়ে উড়ে গিয়েছিল কিউইরা। আর আজিঙ্কায় রাহানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছে ধোনিরা।
শনিবার ওয়েলিংটনের রিজার্ভ পার্কে টেস্টের দ্বিতীয় দিনে ১০০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। হাতে ছিল আট উইকেট। দিন শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৩৮ রান সংগ্রহ করে তারা। পরে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। নয় ওভারে এক উইকেট হারিয়ে ২৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। ফলে কিউইদের দুই ইনিংস মিলে এখনো ২২২ রানে এগিয়ে আছে ভারত।
প্রথম ইনিংসে ভারত আশা জাগানিয়া স্কোর করলেও দ্বিতীয় দিনের শুরুটা ভালো করতে পারেনি। মাত্র ১৬৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। এরপর দলীয় ২২৮ রানে বিরাট কোহলি আউট হলে আশাহত হতে হয় সফরকারীদের ব্যাটসম্যানদেরকে। কিন্তু তাদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হন আজিঙ্কায় রাহানে। তাকে যোগ্য সঙ্গ দেন দলনেতা মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ৬৮ রান করা ধোনি আউট হলে তাদের ১২০ রানে জুটি ভেঙ্গে যায়।
ধোনি আউট হলেও দলের রানের চাকা সচল রেখেছেন রাহানে। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। এরপর আর বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি তিনি। ১১৮ রান করে টিম সাউদির বলে বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি। এছাড়া আগের দিনের ৭১ রান নিয়ে খেলা শুরু করা শিখর ধাওয়ানের ৯৮ রানই উল্লেখযোগ্য।
নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি, ট্রেন্ট বোল্ড ও নেইল ওয়েগনার প্রত্যেকে ৩টি করে উইকেট নেন।
ভারতের ইনিংস শেষ হলেও দ্বিতীয় দিনেই নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ক্রিজে নামে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কিন্তু প্রথম ইনিংসে ১৯২ রানে অল আউট হওয়ার কিউইরা এই ইনিংসেও সুবিধা করতে পারেনি। দলীয় মাত্র ১ রানে জহির খানের বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন ওপেনার ফুলটন। আর দিন শেষে ৯ ওভারে ১ উইকেটের বিনিময় ২৪ রান সংগ্রহ করেছে তারা।
তৃতীয় দিনে ১৮ রান নিয়ে খেলা শুরু করবেন হামিশ রাথারফোর্ড। তার সঙ্গে ৪ রান নিয়ে ক্রিজে আসবেন কেন উইলিয়ামসন।
খেলা
রাহানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনও ভারতের
অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির বোলিং ঝড়ে উড়ে গিয়েছিল কিউইরা। আর আজিঙ্কায় রাহানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনটিও নিজেদের করে নিয়েছে ধোনিরা।





