চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। মঙ্গলবার রাতের এই লড়াইয়ে কোনো দলই জিততে পারেনি। অ্যাথলেটিকোর মাঠ ভিনসেন্ট কালদেরনে গোলশূন্য ড্র করেছে তারা।
পুরো ম্যাচে কোন দলই খুব বেশী সুযোগও সৃষ্টি করতে পারেনি। শুধুমাত্র শেষের দিকে মিডফিল্ডার রাউল গার্সিয়ার দুটো হেড অ্যাথলেটিকোর সামনে ভাল দুটো সুযোগ সৃষ্টি করলেও তার থেকে কার্যত কোন কাজ হয়নি। এতে বরং হতাশই হয়েছে স্বাগতিক দর্শকরা।
অন্যদিকে ম্যাচে জিততে না পারার হতাশার বাইরে ইংলিশ ক্লাবটির জন্য দু:সংবাদ বয়ে এনেছে ইনজুরি। দলের নির্ভরযোগ্য দুই খেলোয়াড় গোলরক্ষক পিটার চেক এবং অধিনায়ক জন টেরির ইনজুরি তাদেরকে দ্বিতীয় লেগ থেকে ছিটকে দিয়েছে। এছাড়া সাসপেনশনের কারণে চেলসির ফ্র্যাংক ল্যাম্পার্ড এবং জন ওবি মিকেল ও অ্যাথলেটিকোর অধিনায়ক গাবি স্ট্যামফোর্ড ব্রীজে খেলতে পারবেন না।
চেক এবং টেরির সম্পর্কে মন্তব্য করতে গিয়ে চেলসি বস হোসে মরিনহো বলেছেন, 'পিটার চেকের মৌসুম শেষ হয়ে গেছে। টেকনিক্যাল দিক থেকে এ সম্পর্কে কিছু বলতে পারবো না, শুধু জানি বাকি সময়ে সে আর মাঠে নামতে পারবে না। টেরির ব্যপারে আমরা পরে সিদ্ধান্ত নেব।'
এদিকে দলের রক্ষণাত্মক কৌশল নিয়ে মরিনহো খেলোয়াড়দের প্রশংসা করেছেন। আট দিন পরে ঘরের মাঠে অ্যাথলেটিকোকে যখন স্বাগত জানানো হবে তার আগে কিছুটা হলেও মানসিক ভাবে এগিয়ে থাকবে ব্লুজরা, মরিনহো অন্তত তাই মনে করেন। স্পেশাল ওয়ান খ্যাত এই কোচ বলেছেন, ‘এই ফলাফলের অর্থ হচ্ছে দ্বিতীয় লেগেই সব কিছু নির্ধারিত হবে। ম্যাচের আগে এবং ম্যাচ শেষ হবার পরেও আমরা সমস্যায় পড়েছি। চারজন খেলোয়াড়কে আমরা হারিয়েছি, এর মধ্যে দুজন ইনজুরিতে এবং বাকি দুজন সাসপেনশনের কারণে খেলতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাব। এখন স্ট্যামফোর্ড ব্রীজের জন্য অপেক্ষা।’
আগামী সপ্তাহে দ্বিতীয় লেগে জয়ী হয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মত ফাইনালে যাবার আশা অবশ্য করছেন অ্যাথলেটিকো বস দিয়েগো সিমন। তিনি বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এটা ছিল একটি উৎকৃষ্ট উদাহরণ। উভয় দলই তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আমাদের গোল করার সুযোগ ছিল, কিন্তু তারা দারুণ ডিফেন্স করেছে। এখন উভয় দলের জন্য সুযোগ উন্মুক্ত হয়ে গেল। তারা তাদের নিজেদের মাঠে খেলবে, কিন্তু আমরাও ম্যাচটির দিকে তাকিয়ে আছি।’
ম্যাচের ১৭ মিনিটে সফরকারীদের জন্য দু:সংবাদ বয়ে নিয়ে আসে চেকের ইনজুরি। বামদিক থেকে অ্যাথলেটিকোর একটি কর্ণার থেকে গার্সিয়া চেকের উপরে উঠে গেলে মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ব্লুজ গোলরক্ষক। তার স্থানে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ মার্ক শোয়ারজার বাকি সময়টা চেলসির গোলবার সামলানোর দায়িত্ব পান। ৪১ বছর বয়সী এই গোলরক্ষক সবচেয়ে বেশী বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বে খেলার সুযোগ পেলেন।
প্রথমার্ধ কোন দলই তেমন কোন সুযোগ সৃষ্টি করতে না পারলেও দ্বিতীয়ার্ধের শেষের দিকে অ্যাথলেটিকো কিছুটা চাপ সৃষ্টি করেছিল। দিয়েগো কোস্তা, দিয়েগো রিবাসের সেই প্রচেষ্টাগুলো অবশ্য শোয়ারজার সহজেই রক্ষা করেন। ম্যাচ শেষের ১৮ মিনিট আগে টেরি ইনজুরিতে পড়লে চেলসির দু:শ্চিন্তা আরো বেড়ে যায়। শেষ পর্যন্ত গোল হজম না করেই মাঠ ছাড়তে পেরেছেন মরিনহোর শিষ্যরা। তাই ফলাফল নির্ধারণের জন্য এখন আগামী বুধবার লন্ডনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় লেগের ম্যাচটির অপেক্ষায় থাকতে হবে তাদেরকে।
ঢাকা,২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেডআই





