এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন। রোববার ক্রিকেট অস্ট্রেলিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সফর উপলক্ষে অস্ট্রেলিয়ার দেশ ত্যাগের প্রাক্কালে হ্যাডিন এই ঘোষণা দেন।
সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রওয়ানা দিবে অস্ট্রেলিয়া। ক্যারিবীয় সফরে ৩-৭ জুন ডোমিনিকায় প্রথম টেস্ট এবং ১১-১৫ জুন জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট খেলবে অসিরা।
ক্যারিয়ারে ৩৭ বছর বয়সী হ্যাডিন ১২৬টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০১ সালে জানুয়ারিতে হোবার্টে জিম্বাবুয়ের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়েছিল। চলতি বছর মার্চে মেলবোর্নে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে তার ক্যারিয়ার শেষ হয়।
এক দিনের আন্তর্জাতিক ম্যাচের পুরো ক্যারিয়ারে হ্যাডিন ১৭০টি ক্যাচ ধরেছেন এবং ১১টি স্টাম্পিং করেছেন।
অ্যাডাম গিলক্রিস্ট এবং ইয়ান হিলির পরে তৃতীয় অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক হিসেবে তিনি সতীর্থ বোলারদের সবচেয়ে বেশিবার উইকেট প্রাপ্তিতে সহায়তা করেছেন। এছাড়া ব্যাট হাতে ৩১.৫৩ গড়ে সংগ্রহ করেছেন ৩১২২ রান, এর মধ্যে সর্বোচ্চ ছিল ১১০ রানের ইনিংস।
জেডআই





