টানা তৃতীয়বারের মত বাংলাদেশে এশিয়া কাপ ক্রিকেট অনুষ্ঠিত হতে পারে। ২০১২ ও ২০১৪ সালের ন্যায় ২০১৬ এশিয়া কাপের আসর বসতে পারে বাংলাদেশে।
প্রস্তাব পেলে তবে তা আয়োজন করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানালেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পরের এশিয়া কাপ ভারতে হবার কথা। যদি না হয়, তবে তা বাংলাদেশে হতে পারে।’
১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপের লড়াই শুরু হয়। ঐ আসর বসে সংযুক্ত আরব আমিরাতে। আর ১৯৮৮ সালে স্বাগতিক হিসেবে প্রথমবারের মত এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। এরপর ১২ বছর পর ২০০০ সালে দ্বিতীয়বারের মত এশিয়া কাপের আয়োজক দেশ হয় বাংলাদেশ।
এরপর আবারো ১২ বছর পর অর্থাৎ ২০১২ সালে তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। তবে চতুর্থবারের মত এশিয়া কাপ আয়োজনের জন্য খুব বেশি সময় দেরি করতে হয়নি বাংলাদেশকে। ২০১৪ সালে পরের এশিয়া কাপের স্বাগতিক হয় তারা।
তবে টানা তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজনের দারুন এক সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ২০১৬ সালে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের আগে ত্রয়োদশ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। যা হবার কথা ভারতে। তবে ভারত যদি আয়োজন না করে তবে সেটি বাংলাদেশে হতে পারে বলে জানালেন (বিসিবি) সভাপতি পাপন, ‘বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার সুযোগ রয়েছে। তবে এ বিষয়ে এসিসির সভা ছাড়া কোন কিছু নিশ্চিত নয়। পরের এশিয়া কাপ ভারতেই হবার কথা। যদি তারা আয়োজন না করে তবে বাংলাদেশই সম্ভাব্য আয়োজক। যদি বাংলাদেশ প্রস্তাব পায়, তবে ২০১৬ কাপ বাংলাদেশেই হবে এবং তা করার জন্য আমরা প্রস্তুত।’
ত্রয়োদশ এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি ফরম্যাটে হবে। কারণ এশিয়া কাপের পর পরই অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। যা বসবে ভারতে।
জেডআই





