আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে নব-বর্ষের দিনও কঠোর অনুশীলন করলো বাংলাদেশ জাতীয় দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুরে অনুশীলন করে তারা। একই সঙ্গে পাকিস্তান দলও অনুশীলন করে।

আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছে দু’দল। ওয়ার্ম-আপের পরে ফিল্ডিং অনুশীলন করে বাংলাদেশ। ফিল্ডিং শেষে ব্যাটিং-বোলিং অনুশীলনও করেছে টাইগাররা।

এসময় বাংলাদেশ দলকে কঠোর অনুশীলন করান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন কোচ রুয়ান কালপেগে, পেস বোলিং কোচ হিথ স্ট্রিক ও ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল।

বাংলাদেশের মত একই সময় অনুশীলন করেছে পাকিস্তান দলও। অনুশীলনে বেশি সর্তকও ছিলো তারা। কারণ মূল লড়াইয়ে নামার আগে আগামীকাল বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে আজহার আলীর দল। অনুশীলনে ব্যাটিং-বোলিংটাই বেশি করেছে আজহার-জুনায়েদরা।

জেডআই