দীর্ঘ পাঁচ বছর পর লা লিগার শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে মালাগাকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ৩৩তম শিরোপা জিতেছে জিনেদিন জিদানের শিষ্যরা। আর যোগ্য দল হিসেবেই রিয়াল শিরোপা জিতেছে এমনটাই মনে করেন বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

শিরোপা জয়ের পর রিয়ালকে অভিনন্দন জানিয়ে ইনিয়েস্তা বলেন, ‘ম্যাচের বিরতির সময়ই আমরা জানতে পারি রিয়াল জয়ের পথে রয়েছে। শেষ পর্যন্ত তারা আমাদের চেয়ে ভালো ছিল এই মৌসুমে। আর যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে।’

একই দিনে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মৌসুমের শেষ ম্যাচে এইবারকে ৪-২ গোলে হারালেও লাভ হয়নি কাতালান ক্লাবটির। রিয়ালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে থেকে মৌসুম শেষ করেছে বার্সা। তবে চ্যাম্পিয়ন না হলেও হতাশ নন ইনিয়েস্তা।

বার্সার অধিনায়ক বলেন, ‘এই মৌসুমে আমরা প্রত্যাশানুযায়ী খেলতে পারেনি। শিরোপা জেতার জন্য যতটুকু ধারাবাহিক হওয়া প্রয়োজন, নিজেরা সেই অনুযায়ী খেলতে পারিনি। তবে লিগে কোচ লুইস এনরিকের শেষ ম্যাচ ছিল। আর তাকে জয় উপহার দিতে পেরে আমরা খুশি।’

এদিকে আগামী ২৭ মে কোপা দেল রে’র ফাইনালে আলাভেসের বিপক্ষে মুখোমুখি হবে বার্সা। আর এটাই বার্সার হয়ে ইনরিকের শেষ ম্যাচ। তাই বিদায়ী ম্যাচে কোচকে জয় উপহার আশা ব্যক্ত করে ইনিয়েস্তা বলেন, ‘এনরিকে যা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। জয় দিয়েই তাকে বিদায় দিতে চাই।’

এমএনজে