জার্মান লিগটা জয় দিয়েই শুরু করল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার প্রথম ম্যাচে ভলফসবুর্গকে ২-১ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা।

শুক্রবার নিজেদের মাঠ আলিয়াঞ্জ আরেনায় বায়ার্নের জয়ের নায়ক আরিয়েন রবেন। দলের প্রথম গোলটির উৎস ছিলেন নেদারল্যান্ডসের এই তারকা। আর ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন তিনি নিজেই।

৩৭তম মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন টমাস মুলার। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে মুলারকে বলটি দেন রবেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন রবেন। বায়ার্নের নতুন খেলোয়াড় রবের্ত লেভানদোভস্কির সঙ্গে বল দেয়া-নেয়া করে ভলফসবুর্গের জালে বল পৌঁছে দেন ডাচ ফরোয়ার্ড।

ভলফসবুর্গের পক্ষে একটি গোল শোধ করেন ইভিচা ওলিচ। এরপর দলটির বেলজিয়াম মিডফিল্ডার জুনিয়র মালান্দা গোলের সহজতম সুযোগটি নষ্ট না করলে খেলার ফল অন্যরকমও হতে পারত।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই