নির্ধারিত ৯০ মিনিটেও সমাধান হলো না। ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে। কিন্তু তাতেও কিছু হচ্ছে না! খেলা এগিয়ে যাচ্ছে নিশ্চিত টাইব্রেকারের দিকে।

আর্জেন্টাইন সমর্থকদের স্নায়ুর ওপর দিয়ে যখন ঝড় বয়ে যাচ্ছে, ঠিক তখনই ত্রাণকর্তা হয়ে উঠলেন অ্যাঙ্গেল ডি মারিয়া। লিওনেল মেসির অসাধারণ এক পাস থেকে তাঁর অসাধারণ ফিনিশ! এমন আনন্দময় মুহূর্ত উদযাপন না করে কি থাকা যায়। ডি মারিয়াও মাতলেন আনন্দে। তর্জনি-বৃদ্ধাঙ্গুলি দিয়ে হৃদয়ের চিহ্ন এঁকে দৌড়ে চলে গেলেন দর্শক গ্যালারির দিকে।

 ‘হূদয়ের চিহ্ন’ যেহেতু আঁকলেন, নিশ্চয়ই গোলটি উত্সর্গ করলেন ভালোবাসার কোনো মানুষকে। ম্যাচ শেষে জানা গেল হৃদয়ের চিহ্ন দিয়ে মহামূল্যবান এই গোলটি তিনি উত্সর্গ করেছেন তাঁর ভালোবাসার স্ত্রী আর আদরের মেয়েকে।

গোলের আনন্দ তিনি ভাগাভাগি করেছেন সবার সঙ্গেই, ‘এই গোলটি শুধু আমার নয়, পুরো দলের ২৩ জন খেলোয়াড়ের। আজ সবাই নায়ক। আমরা আমাদের জীবন, আত্মা উজাড় করে দিচ্ছি। আমাদের এখন কেবল সামনের দিকেই তাকাতে হবে। এখনো অনেক কাজ বাকি।’ রয়টার্স।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই