সদ্য বিয়ের পিঁড়িতে বসেছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহীম। ২৭শে সেপ্টেম্বর ধুমধামে বিয়ে করে স্ত্রী মন্ডিকে ঘরেও তুলেছেন তিনি। কিন্তু খুব শিগগিরই হানিমুনে যাওয়া হচ্ছে না এই নতুন যুগলের। কারণ, সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ। তার আগে হানিমুনে যাওয়ার সুযোগ নেই বলে জানালেন তার পিতা।

তবে এরই মধ্যে মুশফিক ঈদের আনন্দ ভাগ করে নিতে চলে গেছেন নিজ বগুড়ায়। সেখানেই নতুন বউকে নিয়ে কাটাচ্ছেন আনন্দঘন সময়। আত্মীয়-স্বজনের বাড়ি শহর ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার পাশাপাশি তার বিয়ের আরেকটি বড় আনুষ্ঠানিকতাও সেরে নিতে হচ্ছে বগুড়ায়। এ বিষয়ে মুশফিকের পিতা মাহবুব হামিদ তারা বলেন, ‘আসলে ও বাড়িতে এসে খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে। নতুন বউ নিয়ে বাড়ি এসেছে। বোঝেনই তো সবার আগ্রহ আছে। আর তাই আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে হচ্ছে।

অন্যদিকে এ বছরই নতুন বউকে নিয়ে বেড়াতে যাওয়ার সুযোগ তেমন নেই বলেন জানান মুশফিকুর রহীমের পিতা। তিনি বলেন, ‘বগুড়ায় ঈদের পরই মুশফিকের বৌভাত ১০ তারিখে। তারপরই ঢাকায় ফিরে যোগ দেবে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যাম্পে। আর তা শেষ হতে হতে ডিসেম্বর মাস। সেই হিসেবে নতুন বউ নিয়ে ওর দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকছে এ বছর।’

এরই মধ্যে মুশফিকুর রহীমকে জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তিনি জাতীয় টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে। আর এ সিরিজেই দুই ফরমেটে আলাদা অধিনায়কের যাত্রা শুরু হবে। শুধু তাই নয়, গত ৮ মাস ধরে দেশ ও বিদেশের মাটিতে দলের টানা ব্যর্থতা কাটিয়ে ওঠার সুযোগও এই সিরিজে। যে কারণে বিয়ের পরও মুশফিককে ভাবতে হচ্ছে ঘুরে দাঁড়ানোর এই মিশন নিয়ে।

 এমএইচ