বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি আয়োজনের অনুমতি পেয়েছে বাংলাদেশ। আইসিসি’র বোর্ড সভা থেকে এসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী বছর মার্চে ১৮ থেকে ২১ তারিখের মধ্যে ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে বাংলাদেশে। এখানে অংশ নেবে এশিয়া অল স্টারস ও বিশ্ব একাদশ।
তিনি বলেন, ‘আগামী মার্চে যে দু’টি টি- টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা ছিল সেটিকে অনুমোদন দিয়েছে আইসিসি। তবে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে অনুমোদন পেতে বেশ কষ্ট হয়েছে। যদিও বোর্ড সভাতে ব্যাপক আলোচনার পর বিশেষভাবে আমাদেরকে এই ম্যাচ আয়োজনের অনুমোদন দেয় আইসিসি। তবে তারা শর্ত দিয়েছে পরবর্তীতে কেউ এটিকে উদাহরণ হিসেবে দেখিয়ে এমন ম্যাচ আয়োজন করতে পারবে না। এই বিশেষ অনুমোদন সত্যি আমাদের জন্য বড় পাওয়া।’
অন্যদিকে এই দু’টি টি-টোয়েন্টি ম্যাচে তারকা ক্রিকেটারদের খেলাতে মরিয়া বিসিবি। তবে সেখানে কে কে খেলতে পারেন সেটি এখনো প্রকাশ করেনি বিসিবি। দু’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এ বিষয়ে নাজমুল হাসান বলেন, ‘এখনো কারা খেলবে তা ঠিক হয়নি। এখানে এশিয়ান অল স্টার বলতে ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা-আফগানিস্তান ও বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে একটি দল হবে। আর বাকি হলো এশিয়ার বাইরে সবক’টি দেশ।
এসএম





