অলরাউন্ডার নাসির হোসেনকে না খেলানোর কারণ হিসেবে তাকে উদ্ধৃত করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
একই সঙ্গে ‘শৃঙ্খলাবিরোধীতায় নয়, বরং ব্যাটিং ফর্মে না থাকার কারণে নাসির হোসেনকে খেলানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আরো জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজার অবসরের বিষয়ে কোনো আলাপ হয়নি এবং এই মুহূর্তে টাইগার অধিনায়কের অবসরের প্রশ্নই ওঠে না।
এর আগে গতকাল রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমে অনেকগুলো খবর প্রকাশিত হয়, যাতে বলা হয়েছিল মাশরাফি অবসর নিচ্ছেন এবং নাসিরের শৃঙ্খলা নেই, যে কারণে তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলানো হয়নি।
কাউকে এ রকম কোনো সাক্ষাৎকার দেননি উল্লেখ করে বিসিবি সভাপতি আরো বলেন, অন্য কারো মুখের কথা তার কথা হিসেবে চালিয়ে দেওয়া হতে পারে।
তাসকিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে আইসিসিতেও কথা বলবেন বলে জানিয়েছেন পাপন।
এআইজে





