বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ খুব খারাপ। এভাবে চলতে থাকলে জাতীয় দলের কোনো উন্নতি হবে না। আমি দলের উন্নতি চাই। খেলোয়াড়দের শতভাগ দিয়ে খেলতে দেখতে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
ঢাকায় ফিরে শনিবারই সঙ্গে বৈঠক করেন ডি ক্রুইফ ও রেনে কোস্টার। অনেকগুলো ইস্যুকে প্রাধান্য দিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে সালাউদ্দিন এ ক্ষোভ প্রকাশ করেন।
আজ জাতীয় দলের ৪-৫ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘আজকের রিপোর্ট প্রদানে জাতীয় দলের অধিনায়ক (মামুনুল) উপস্থিত নেই। শুনলাম তারা চাচা মারা গিয়েছে। সে সেখানে আছে। আমি যখন খেলোয়াড় ছিলাম, তখন আমার বাবা মারা যান। আমি বাবার দাফন শেষে মাঠে এসে উপস্থিত হয়েছিলাম।’
জাতীয় দলের খেলোয়াড়রা ক্লাবে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি। তিনি বলেন, ‘তারা যদি জাতীয় দলকে উপেক্ষা করে অর্থের জন্য ক্লাবে খেলতে পছন্দ করে, তবে তারা সেখানেই খেলুক। তাদের জন্য এত টাকা-পয়সা খরচ করার কোনো মানে হয়না। জাতীয় দলে তাদের শতভাগ দিয়ে খেলতে হবে। আমরা চাই এ দলটিই আগামী বিশ্বকাপে কোয়ালিফাই করুক।’
দক্ষিণ কোরিয়ার ইনচেনে ১৯ সেপ্টেম্বরে শুরু হবে এশিয়ান গেমস। এ আসরকে সামনে রেখেই নতুন করে কাজ শুরু করবেন ডি ক্রুইফ ও কোস্টার।
ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





