বৃহস্পতিবার দুপুরের আগেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে খেলতে পারছেন না অধিনায়ক মুশফিকুর রহীম ও ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ তারকা। এরপর অবধারিতভাবেই আলোচনার শিরোনাম- কে হচ্ছেন তাদের বিকল্প? সেখানে আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সৌম্য সরকার ও নুরুল হাসান সোহানের খেলার বিষয়টি নিশ্চিতই বলে জানা গেছে।

মুশফিক ও ইমরুলের না খেলার বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়ে গেছেন ক্রাইস্টচার্চ টেস্টের জন্য অধিনায়কত্ব পাওয়া তামিম ইকবাল। সম্ভাব্য একাদশ নিয়েও প্রশ্ন ছিল তার কাছে। সরাসরি কিছু না বললেও ইঙ্গিত করে গেলেন, উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে তো বিকল্প একজনই। আর টপ অর্ডারে ব্যাট করার জন্যও বিকল্প একজনই। তামিমের কথার সূত্র ধরে তাই নুরুল-সৌম্যর নামটিই আগে চলে আসে।

নুরুলের অভিষেক হলে শুধু উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশের জার্সিতে টেস্ট যাত্রা শুরু করা ষষ্ঠতম জন হতে যাচ্ছেন ২১ বর্ষী এই সম্ভাবনাময় তরুণ। মুশফিকের হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি সফরেই ওয়ানডে অভিষেক হয়ে গেছে তার। তাতে দ্বিতীয় ম্যাচে ২৪ ও শেষ ওয়ানডেতে ৪৪ রানের ইনিংস খেলে আস্থার প্রতিদান দিয়েছেন।

আগেই টি-টুয়েন্টি অভিষেক হওয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নুরুলের। এবার চ্যালেঞ্জটি সাদা পোশাকে টেনে নেওয়ার পালা তার। যাতে সঙ্গী হচ্ছে প্রথম শ্রেণিতে ৪৯টি ম্যাচ খেলে ৫ সেঞ্চুরিতে ৪১.৮১ গড়ে প্রায় আড়াই হাজার রান করার আত্মবিশ্বাস।

অন্যদিকে ২৫ বর্ষী সৌম্য ৩টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন। তার জন্য তাই একাদশে ফেরার ম্যাচ ক্রাইস্টচার্চ টেস্ট। তবে এর আগে ছয় ও সাত নম্বরে ব্যাট করা এই বাঁহাতি সাদা পোশাকে এবারই প্রথম ওপেন করতে নামবেন। তিন টেস্টে ৫ ইনিংসে এখন পর্যন্ত ২১.৪০ গড়ে রান করেছেন সৌম্য, সর্বোচ্চ ইনিংসটি ৩৭ রানের।

এমই