ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখে ভারত এখন বাজিকর আর জুয়াড়িদের দেশে পরিণত হয়েছে। সেমি-ফাইনালের ম্যাচে বাজির মূল্য অনেক বেড়ে গেছে। কোয়ার্টার ফাইনালে যেখানে বাজির দাম ছিল ১৮ রুপি। সেটি এখন ৫২ রুপি। অর্থাৎ ভারতের পক্ষে কোনো বাজিকর ১ রুপি বাজি ধরলে দল জিতলে সে পাবে ৫২ রুপি।
নয়া দিল্লী পুলিশ সম্প্রতি অবৈধ এই বাজিকরদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। এই তদন্তের সঙ্গে জড়িত একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, সেমিফাইনালকে সামনে রেখে শুধুমাত্র ভারত থেকেই হাজার হাজার কোটি রুপি বাজিকরদের বাজারে উঠে গেছে। ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ম্যাচে যেখানে বাজির দর ছিল সর্বোচ্চ ১৬:১৮ সেখানে ইতোমধ্যেই সেমিফাইনালের দর উঠে গেছে ৫০:৫২।
তিনি আরো জানান, যদি কোন বাজিকর অস্ট্রেলিয়ার পক্ষে এক রুপি বাজি ধরে এবং অসিরা যদি ম্যাচটিতে জিতে যায় তবে ফিরতি হিসেবে সে ৫০ রুপি পাবে। অন্যদিকে ভারত জিতলে সে পাবে ৫২ রুপি।
তিনি আরো জানিয়েছেন, ম্যাচের সময় যতই গড়াবে বাজির মাত্রাও পরিবর্তিত হবে। ম্যাচ জয়ী দল ছাড়াও বাজিরকরা মূলত প্রতিটি বলের উপর বাজি ধরে থাকে, এখানে প্রতিটি বল কেমন হবে, রান কত হবে, উইকেট পড়বে কিনা, প্রথম ১০ ওভারে, পাওয়ার প্লেতে, শেষ ১০ ওভারে কি হবে এসবই প্রাধান্য পায়। এছাড়া ব্যক্তিগত পাফরমেন্সতো রয়েছেই।
সব মিলিয়ে দ্বিতীয়বারের শিরোপা ঘরে তোলার জন্য ভারতের পক্ষেই সবচেয়ে বেশী অর্থ লগ্নি করা হচ্ছে।
আগামী ২৬ মার্চ সিডনিতে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচের পরে দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৫৭ বছর বয়সী এক বাজিকরকে আটক করে যার বাড়িতে ১১০টি মোবাইল ফোন পাওয়া যায় যেগুলো দিয়ে সে বাজির প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছিল। অভিযুক্ত ব্যক্তিটি মুম্বাই থেকে বাজির দর গ্রহণ করছিল এবং পুরো প্রক্রিয়াটি দুবাই থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে সূত্রটি জানিয়েছে।
জেডআই





