জস বাটলারের ঝড়ো ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে সহজ জয়ের সম্ভাবনাই জেগেছিল ইংল্যান্ডের। তবে প্রতিরোধ গড়লেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, চোট নিয়েই লড়াই করেও শেষ পর্যন্ত পারলেন না। দারুণ রোমাঞ্চকর এই লড়াইয়ে জিতে হারিয়ে সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড।
দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে শনিবার গ্রুপ-১ এর ম্যাচটি ১০ রানে জেতে ওয়েন মর্গ্যানের দল।
টসে হেরে ব্যাট করতে নেমে বাটলারের ৬৬ রানের ঝড়ো ইনিংসে ৪ উইকেটে ১৭১ রান করে ইংল্যান্ড। জবাবে শুরুতেই পথ হারিয়ে ফেলা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ালেও ৮ উইকেটে ১৬১ রানের বেশি করতে পারেনি।
ইংলিশদের এই জয়ে শ্রীলঙ্কার সঙ্গে বিদায় নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকারও। এই গ্রুপ থেকে আগেই শেষ চারে ওঠে ওয়েস্ট ইন্ডিজ।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় শ্রীলঙ্কা; তিন ওভারে স্কোরবোর্ডে ১৫ রান উঠতেই চার উইকেট হারায় তারা।
হারলেই সেমির পথ বন্ধ, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়া শ্রীলঙ্কাকে পথ দেখান অ্যাঞ্জেলো ম্যাথিউস। চামারা কাপুগেদারার সঙ্গে দারুণ এক জুটি গড়ে ফিকে হয়ে যাওয়া স্বপ্নটা জাগিয়ে তোলেন।
পঞ্চম উইকেটে দুজনে মিলে ৮০ রান যোগ করেন। লিয়াম প্লানকেটের বলে কাপুগেদারা (২৭ বলে ৩০) ক্যাচ আউট হলে ভাঙে ১০ ওভার স্থায়ী জুটি। ষষ্ঠ উইকেটে থিসারা পেরেরার (১১ বলে ২০) সঙ্গে ৩.৪ ওভার স্থায়ী ৪২ রানের জুটিতে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। হ্যামস্ট্রিংয়ের চোটে ঠিকমতো দৌড়াতে না পারায় চার-ছক্কায় রান নিতে চেষ্টা করে ম্যাথিউস।
কিন্তু শেষ দিকে যোগ্য সঙ্গীর অভাবে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ম্যাথিউসের। ৭৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার ৫৪ বলের ইনিংসটি ৩টি চার ও ৫টি ছক্কায় সাজানো।
২৮ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ১৯তম ওভারে ২ উইকেট নেওয়া ক্রিস জর্ডান।
ইংলিশদের ইনিংসের শুরুটাও খুব একটা ভালো ছিল না। দ্বিতীয় ওভারেই রঙ্গনা হেরাথের ঘূর্ণির ফাঁদে পড়ে শূন্য রানে এলবিডব্লিউ হন অ্যালেক্স হেলস। জেসন রয়ের ব্যাটে সে ধাক্কা অবশ্য সহজেই কাটিয়ে ওঠে ইংল্যান্ড।
জো রুটের (২৪ বলে ২৫) সঙ্গে দ্বিতীয় উইকেটে মূলবান ৬১ রানের জুটি গড়ে দলের ভিত গড়ে দেন রয়। জেফরি ভ্যান্ডারসের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান।
অল্প সময়ের ব্যবধানে তারা দুজন ফিরে গেলেও সমস্যায় পড়তে হয়নি দলটিকে। জ্বলে ওঠেন চার নম্বরে নামা জস বাটলার; ওয়েন মর্গ্যানের সঙ্গে ৬.৩ ওভার স্থায়ী জুটিতে ৭৪ রান করেন তিনি।
অধিনায়ক মর্গ্যান ১৬ বলে একটি করে চার-ছক্কায় ২২ রান করেন। আর হার না মানা বাটলার ৩৭ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা হাঁকান।
শ্রীলঙ্কার বোলার ভ্যান্ডারসে ২৬ রান খরচায় ২ উইকেট নেন।

এম আর