ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারকে দলে আনতে ৫৭.১ মিলিয়ন খরচ করার কথা জানিয়েছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পরে সংবাদ প্রকাশিত হয় যে, আরো বেশি অর্থ খরচ করে সান্তোসের তারকাকে দলে নিয়েছে ক্লাবটি। এজন্য কর ফাঁকির অভিযোগে কাতালান ক্লাবটির বিপক্ষে মামলাও করা হয়। সেই মামলার রায়ে ঠিকই দোষী প্রমাণিত হয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার স্প্যানিশ হাইকোর্টের বিচারপতি পাবলো রাজ মামলার রায়ে জানিয়েছেন, নেইমারকে দলে নেয়ার বিষয় ৩৭.৯ মিলিয়ন ইউরো পরিশোধের কথা গোপন রেখেছে বার্সেলোনা।
বুধবার সরকার পক্ষের আইজীবি দাবি করেছিলেন, কাতালান ক্লাবটি ৩৭.৯ মিলিয়ন ইউরোর ৯.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছে। এই অর্থ গোপনে নেইমারের বাবাকে পরিশোধ করা হয়েছে।
নেইমার স্পেনের নাগরিক না হওয়ায় তাকে ব্রাজিলকে অথবা স্পেনকে কর দিতে আদেশ দিয়েছে আদালত।
এদিকে বুধবারই অভিযোগ স্বীকার করে ক্লাবের ওয়েবসাইটে বিবৃতিতে দিয়েছিল বার্সেলোনা। তারা জানিয়েছে, এ বিষয় আদালতকে সব ধরনের সহায়তা করতে আমাদের সদিচ্ছা আছে।
গত মাসে এই কারণে বার্সা প্রেসিডেন্ট আন্দ্রে রোসেল পদত্যাগ করেছিলেন।