বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র ষষ্ঠ আসরের ফাইনালে তামিমের ঝড়ো ইনিংসে দ্বিতীয় শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে বিপিএলের তৃতীয় আসরে প্রথম শিরোপা পেয়েছিল কুমিল্লা।
৬১ বলে ১৪১ রানের দুর্দান্ত এক ইনিংস করেন দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তার অগ্নিঝরা ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে বিপিএল শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ (০৮ ফেব্রুয়ারি) শুক্রবার সন্ধ্যা ৭টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ায় বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনাল। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯৯ রান সংগ্রহ করে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে ১৮২ রানেই গুটিয়ে যায় ঢাকা।
আগে ব্যাটিংয়ে নেমে সতর্কতার সঙ্গেই শুরুটা করে কুমিল্লা। তবে ৯ রানে রুবেল হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এভিন লুইস। এরপর এনামুল হক বিজয়কে নিয়ে যতোটা সম্ভব সামনে চলার চেষ্টা করেন তামিম।
তামিমের সেই প্রচেষ্টা কাজে লেগেছে। দ্বাদশ ওভারে সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিজয়। ৩০ বল থেকে দু’টি চারে ২৪ রান করে ফেরেন তিনি। বিজয় আউট হওয়ার পরপরই রান আউট হয়ে যান শামসুর রহমান। পরে ইমরুল সঙ্গী হন তামিমের। একপ্রান্ত ধরে রাখা ছাড়া ইমরুল তেমন কিছু করেননি।
তবে অপরপ্রান্তে ব্যাটে ঝড় তোলেন তামিম। শেষ দিকে যেন তামিমের ব্যাট হয়ে ওঠে আগুনের মতো। ৬১ বল থেকে ১০টি চার ও ১১টি ছক্কার মারে তামিম করেন ১৪১ রান। আর ইমরুল ২১ বল থেকে ১৭ রানে অপরাজিত থাকেন।
ঢাকার হয়ে সর্বোচ্চ রান করেছেন রনি তালুকদার (৬৬), তারপরেই আছেন উপুল থারাঙ্গা (৪৮)। ফাইনালে ব্যাটিংয়ে ব্যর্থ হয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ৪ বলে তিন রান করে তামিমের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেন তিনি।
এমবি





