ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর পেশাদার লিগের শিরোপার স্বাদ দ্বিতীয়বারে মতো নিয়েছে শেখ জামাল ধনামণ্ডি ক্লাব। মঙ্গলবার পেশদার লিগের সপ্তম আসরে আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে হলুদ নীল শিবির। এর আগে পেশাদার লিগের চতুর্থ আসরেও শিরোপা জিতেছিল শেখ জামাল।
মঙ্গলবারের খেলা শেষে ২৫ ম্যাচে শেখ জামালের সংগ্রহ ৫৮ পয়েন্ট। অন্যদিকে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ৪৬ পয়েন্ট। আবাহনী পরের ২ ম্যাচ জিতলেও শেখ জামাল থাকবে ধরাছোঁয়ার বাইরে।
ড্র করলেই শিরোপা শেখ জামালে। আর কাগুজে হিসেব বাঁচিয়ে রাখতে জিততেই হবে আবাহনীকে- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সমীকরণটা এমনই ছিল। তবে ড্র নয়, জয়ের জন্যই খেলেছে শেখ জামাল। খেলার ২২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে শেখ জামালের। বক্সের বাইরে থেকে নেওয়া অধিনায়ক মামুনুল ইসলামের শট পোস্ট ঘেঁষে মাঠের বাইরে চলে গেছে। ৩৯ সহজ সুযোগ নষ্ট করেছেন আবাহনীর ঘানাইয়ান ফরোয়ার্ড ওসাই মরিসন। গোলরক্ষককে একা পেয়ে ব্যর্থ হয়েছেন তিনি। ইব্রাহিমের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েছিলেন তিনি। পরে আগুয়ান গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের মাথার ওপর দিয়ে বল পাঠাতে চেয়েছেন। কিন্তু হিমেল লাফিয়ে ওঠে বিপদমুক্ত করেছেন। গোলশূন্যভাবেই বিরতিতে গেছে দু’দল।
বিরতির পর গোল করার সুযোগ পেয়েছে শেখ জামাল। ডানপ্রান্ত বক্সথেকে শট নিয়েছেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন। তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেছেন আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল। ৭০ মিনিটে ভুল করেননি এ হাইতিয়ান। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে শট নিয়েছেন ওয়েডসন। তার বুলেট গতির শট শহিদুল আলম সোহেল কোনো কিছু বুঝে ওঠার আগেই জালে জড়িয়েছে। পরে আর কোনো দলই গোলের দেখা পায়নি। ন্যূনতম গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। প্রথম লেগে দুই দলের মোকাবেলায় ফল ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয় লেগেও ছিল তাই।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





