এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের উদ্বোধনী ম্যাচে ভারতকে ২-০ গোলে হারালো উজবেকিস্তান। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাছাইপর্বের এই খেলা।
খেলার ৮৮ মিনিটের মধ্যে কোন পক্ষেই গোল হয়নি। ম্যাচের ১৫ মিনিটে গোল করার সুযোগ হাতছাড়া করে ভারত। বক্সের বাইরে থেকে ভারতের ফরোয়ার্ড জয়েশ দিলিপের শক্তিশালী শটটি ঝাপিয়ে পড়ে রক্ষা করেন উজবেকিস্তানের অতন্দ্র প্রহরী গোলকিপার আকমল। প্রথমার্ধের খেলা শেষে গোলশূন্যই থেকে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ভারতকে চেপে ধরে খেলতে থাকে উজবেকিস্তানের যুবারা। ৫৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলকরার সুবর্ন সুযোগ হাতছাড়া করে ভারতের রক্ষণভাগের খেলোয়াড় সংকর। কর্ণার কিক থেকে ডি বক্সের মধ্যে বল পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি।
আর ৬৫ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার ইগর সারগিভ বক্সে ঢুকে শট নিয়েছিলেন। কিন্তু বলটি বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে। ৭৬ মিনিটে উজবেকিস্তানের কোজাকের শট ভারতের গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতি বলে শট নেন মাখস্টেলিভ। তার শটটিও সাইডবারে লেগে ফিরে আসে।
তবে ৮৮ মিনিটে গোলের দেখা পায় উজবেকিস্তান। মিডফিল্ডার ইস্কান্দারভের কর্নারে উড়ন্ত বলে মাথা ছুঁইয়ে ভারতের জালে পাঠান মিডফিল্ডার ইগর সারগিভ। ফলে ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
আর ম্যাচের ইনজুরি টাইমে সারগিভের ক্রসে গড়ানো শটে গোল করেন উজবেক অধিনায়ক কোজাক (২-০)। ফলে নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হোয়াইট উলভস খ্যাত উজবেকিস্তান দলটি।
এমএ





