ক্যারিয়ারে নতুন মাইলফলক স্পর্শ করলেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫শ’ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন তিনি।
চলমান টি-২০ বিশ্ব কাপে সুপার-১০ পর্বে রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে অসি ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান ও ৫শ’ উইকেট শিকারের তালিকায় দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখান আফ্রিদি।
ক্যারিয়ারে এ পর্যন্ত ৪৭৭ ম্যাচে ১০ হাজার ৪০৭ রান এবং ৫০১ উইকেট শিকার করে তালিকার দ্বিতীয় স্থান নিশ্চিত করেন আফ্রিদি। তার সামনে রয়েছেন একমাত্র দক্ষিণ আফ্রিকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ৫১৬ ম্যাচে ক্যালিসের রান সংখ্যা ২৫ হাজার ৫২৯ এবং উইকেট সংখ্যা ৫৭৭।
২৭ টেস্টে ৪৮ উইকেট, ৩৭৮ ওয়ানডেতে ৩৭৮ উইকেট ও ৭২ টি-টোয়েন্টি ম্যাচে ৭৫ উইকেট শিকার করেছেন আফ্রিদি।
বর্তমান খেলোয়াড়দের মধ্যে এ রেকর্ডের কাছাকাছি রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। পরিসংখানের দিক থেকে তিনি অবশ্য অনেক পিছিয়ে রয়েছেন। কেননা, তার উইকেট সংখ্যা ২৪৪।
আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট শিকারে সবার ওপরে আছেন শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন। তার উইকেট সংখ্যা- ১৩৪৭। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন। তার উইকেট সংখ্যা ১০০১। এক হাজারের বেশী উইকেট শিকার করা খেলোয়াড় মাত্র এরা দু’জন।
৫শ’ কিংবা তার বেশি উইকেট শিকার করা পাকিস্তানের চতুর্থ খেলোয়াড়ও এখন আফ্রিদি। এ ক্ষেত্রে তার সামনে রয়েছেন ওয়াসিম আকরাম (৯১৬ উইকেট), ওয়াকার ইউনিস (৭৮৯ উইকেট) এবং ইমরান খান (৫৪৪ উইকেট)।
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচশ’র বেশি উইকেট শিকারিদের তালিকায় ২৭ তম স্থানে এখন আফ্রিদি।