আশ্চর্যজনক হলেও সত্য যে, বার্সেলোনার জার্সি গায়ে চার ম্যাচ ধরে গোল খরায় ভুগছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি। গোল করাটা যার কাছে নিত্যদিনের অভ্যাসের মতো সেই মেসিই কিনা এখন গোলের জন্য হাহাকার করছেন। ভাবা যায় কি টানা ৩৬২ মিনিট গোলশূন্য।

২০১০-১১ মৌসুমের এপ্রিল-মে মাসের পর কখনোই এমন বাজে সময়ের মুখোমুখি হননি মেসি। জাতীয় দল ও ক্লাবের হয়ে তার ৫০০তম গোলের মাইলফলক ছোঁয়ার অপেক্ষাটাও যেন শেষ হচ্ছে না। চার চারটি ম্যাচেই যে প্রতিপক্ষের জালের দেখা পাননি বিশ্বফুটবলের এ ক্ষুদে জাদুকর।

সবশেষ আর্সেনালের বিপক্ষে (১৭ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচটিতে গোল করেছিলেন মেসি। এরপরই দৃশ্যপট বদল। দলের সেরা তারকার গোলখরার খেসারতটা বার্সাকেও দিতে হচ্ছে! শেষ দু’টি লিগ ম্যাচেই (রিয়াল মাদ্রিদ, রিয়াল সোসিয়েদাদ) হারের লজ্জায় ডোবেন লুইস এনরিকের শিষ্যরা।

 

এমআইএস।