অবশেষে চূড়ান্ত হলো বহুল প্রতিক্ষিত বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটির সময়। আগামী ফেব্রুয়ারিতে হায়দ্রাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি অনুরাগ ঠাকুর আজ জানিয়েছেন, টেস্ট ম্যাচটি চলবে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর ফলে প্রথমবারের মত টেস্ট ম্যাচ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায় ২০০০ সালে। ১৭ বছর পর প্রতিবেশী দেশে প্রথম টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা।

সর্বশেষ গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০০৬ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ দিলে আর কখনওই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ভারতে খেলতে যায়নি বাংলাদেশ।

২০১৬-১৭ মৌসুমে ভারত ১৩টি টেস্ট, আটটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ১৩টি টেস্ট খেলার মধ্যদিয়ে আগের রেকর্ডকে ছুঁয়ে যাবে ভারত। এর আগে ১৯৭৯-৮০ মৌসুমে ভারত ঘরের মাঠে সমান ১৩ টেস্ট খেলেছিল।

বিসিসিআইয়ের সভাপতি অনুরাগ ঠাকুর বলেন, 'একটা টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব হল প্রতিটি টেস্ট খেলুড়ে দেশকে সুযোগ দেয়া। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, আগামী বছর আমাদের প্রতিবেশী বাংলাদেশ এখানে টেস্ট খেলতে আসছে। এটা ২০১৬-১৭ মৌসুমে আমাদের জন্য দারুণ এক ব্যাপার হতে যাচ্ছে।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এই টেস্ট ম্যাচকে বাংলাদেশের জন্য বড় অর্জন মনে করছেন। তিনি বলেন, 'বাংলাদেশ ও ভারতের প্রতিনিধিত্ব করা ক্রিকেটাররা নিঃসন্দেহে এই ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কারণ সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে এই দু’দলের লড়াই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুটি ক্রিকেট পাগল দেশের মানুষদের জন্য এটা আনন্দের একটা ব্যাপার। ভারতের মাটিতে একটা টেস্টের জন্য আমরা অনেকদিন অপেক্ষা করেছি। সেই অপেক্ষাটা অবশেষে হল। এখন সেই অর্জনটা উৎযাপনের সময়।

এসএ