দিন শেষে হয়তো হার-জিতের হিসাবটা দেখবে সবাই। কিন্তু এই সমীকরণের পিছনেও থাকে অনেক গল্প, অনেক সফলতা। দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় পর টেস্ট খেলতে নামা বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ২২ রানের হার মানলেও, গর্ব করতেই পারে মুশফিকুর রহিমরা। প্রাপ্তির পাত্রটাও পূর্ণ হয়েছে এই ম্যাচে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হার নয়,পারফরম্যান্সের জায়গা থেকে দলের ক্রিকেটারদের অলিখিত প্রশংসাপত্র দিয়ে দিলেন অধিনায়ক মুশফিক।

বললেন, ‘দুই উইকেটে ৩৩ রান, হয়তো আমাদের ভাগ্যে ছিলো না। কিন্তু ১৫ মাস পর গেল পাঁচদিন ছেলেরা অনেক খেটেছে। আমি সত্যিই অনেক গর্বিত। তারা (ইংল্যান্ড) দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছিলো। আমরা যদি আমাদের প্রথম ইনিংসে ২৯০ রান করতে পারতাম, তাহলে টার্গেট আরো নামিয়ে আনতে পারতাম।’  

চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের পঞ্চম দিনের প্রথম ঘন্টাতেই ২২ রানে পিছিয়ে থেকে গুটিয়ে গেছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু ‘টেস্ট’ ক্রিকেটের রোমাঞ্চ কিংবা উত্তাপ কোনটারই অভাব টের পেতে দেয়নি। আগের চারদিনেও উত্তেজনার রসদ ছিলো পরিপূর্ণ।  সেই জায়গা থেকে হলেও, মিরপুরে অনুষ্ঠিতব্য সিরিজের শেষ টেস্টে ভালো কিছু করার প্রত্যাশা জানিয়ে গেলেন মুশফিক।

তিনি বলেন, ‘ছেলেরা লড়াই করেছে, যা আসলেই দেখার মতো ছিলো। আশা করছি পরের ম্যাচেও এভাবেই লড়াইটা চালিয়ে যাবো আমরা। ভালো উইকেট বলে ভেবেছিলাম, টার্ন ছিলো অনেক। তাই বলে খেলার অযোগ্য ছিলো না। ’

নির্দিষ্ট করে সাব্বিরকে নিয়ে বলতেই হলো। অভিষেক টেস্টে ম্যাচের একদম শেষপর্যন্ত ৬৪ রানে অপরাজিত থাকা এই ব্যাটিং অলরাউন্ডারই পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ টেনেছেন। তাকে নিয়ে অধিনায়ক বললেন, ‘গেল দেড় বছর ধরেই সাব্বির অসাধারণ খেলছে।’

 এআই