২০১৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। ব্যাট করছেন রুমানা আহমেদ (৫) ও নিগার সুলতানা (১৩)।
দলীয় ২১ রানে আয়ারল্যান্ডের বোলার মেটকাফের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শারমিন আক্তার (৯)। পরের বলেই লতা মণ্ডলকে (০) সাজঘরে ফেরান তিনি।
ইতিমধ্যে বাংলাদেশ ও আয়ারল্যান্ড বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। তারপরও মর্যাদার লড়াই হিসেবে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জয় পাবে তারা অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিবে।
উভয় দলই গ্রুপপর্বে দাপট দেখিয়ে সেমিফাইনালে ওঠে। সেখানেও তাদের দাপট অব্যাহত থাকে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ কম রান করেও ৩১ রানের ব্যবধানে জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আয়ারল্যান্ড। তাই আজকের ম্যাচটি এক প্রকার শক্তিমত্তা প্রদর্শনের ম্যাচও।
এআই





