ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্টোনিও কন্টে। তুরিনের ক্লাবটি মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কি কারণে সিরি আ লীগ চ্যাম্পিয়ন ক্লাবটির দায়িত্ব ছাড়লেন তা স্পষ্ট নয়। অনেকে ধারণা খেলোয়াড় দল-বদলের বিষয় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া এক ভিডিওবার্তায় কন্টে এই ঘোষণা দেন। জুভেন্টাসের সাথে কন্টের চুক্তি ২০১৪-১৫ মৌসুমের শেষ নাগাদ ছিল। কিন্তু একটু আগে ভাগেই সরে দাঁড়ানোর এই ঘোষনায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।
গত মৌসুমে ৪৪ বছর বয়সী কন্টের অধীনে টানা তৃতীয়বারের মত ইতালিয়ান লীগের শিরোপা ঘরে তুলে জুভেন্টাস। ১৯৩০ সালে টানা পাঁচবার শিরোপা নিজেদের করে নেবার পরে এই প্রথম টানা তিন বছর শ্রেষ্ঠত্ব ধরে রাখলো তুরিনের ক্লাবটি। কিন্তু সাফল্যের এই ধারাবাহিকতা উদযাপন বাদ দিয়ে জুভেন্টাসকে এখন কন্টের পরিবর্তে নতুন মৌসুমের জন্য নতুন কোচের সন্ধান করতে হচ্ছে।
চ্যাম্পিয়নস লীগে নতুন একটি মৌসুমকে সামনে রেখে খেলোয়াড় ট্রান্সফার বিষয়ক মতবিরোধের জেরে ধরে কন্টে জুভেন্টাস ছেড়ে দিয়েছেন বলে সূত্র মতে জানা গেছে। এই ক্লাবের হয়ে খেলোয়াড়ি জীবনে দীর্ঘ সময় কাটিয়েছেন কন্টে। গুজব রয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট মোনাকোতে হয়ত আসন্ন মৌসুমে তাকে দেখা যেতে পারে।
ভিডিওবার্তাটিতে কন্টে বলেছেন, ক্লাবের বৃহত্তর স্বার্থেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ১৯৯৬ সালে আমি খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগ জিতেছিলাম। এখন আমি কোচ হিসেবেও এটা জিততে চাই। কিন্তু বর্তমান জুভেন্টাস দল নিয়ে তা করা সম্ভব নয়। ক্লাব খুব ভালমতই জানে আমি কি চাই।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





