ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি র‍্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার অসামান্য অর্জন রয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাঁর হাত ধরে বাংলাদেশে পেয়েছে প্রথম বিশ্বসেরার সম্মান, পৌঁছেছে নতুন উচ্চতায়।
এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব জায়গা করে নিলেন এমসিসি বিশ্ব ক্রিকেট কমিটিতে। ১৫ সদস্যের এ কমিটিতে রয়েছেন মাইক গ্যাটিং, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা, সৌরভ গাঙ্গুলি, ইয়ান বিশপ ও ব্রেন্ডন ম্যাককালামের মতো সাবেক গ্রেট ক্রিকেটাররা।
লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের স্বত্বাধিকারী এমসিসি বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে নেতৃত্ব দিয়ে থাকে। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত এমসিসির ভাবনা থেকেই ২০০৬ সালে যাত্রা শুরু করে বিশ্ব ক্রিকেট কমিটি।
স্বাধীন এ কমিটি বছরে দুইবার সভায় বসে ক্রিকেটের ভালো-মন্দ সুপারিশ করে থাকে আইসিসিকে। এসব সুপারিশ বাস্তবায়ন হয় আইসিসির অনুমোদন সাপেক্ষে।
এর আগে ব্যাটের সাইজ ও আচরণবিধি পরিবর্তনের সুপারিশ করেছিল বিশ্ব ক্রিকেট কমিটি, যা বাস্তবায়ন করেছে আইসিসি।
এমএ