একে একে এশিয়ার সব দলই ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নিল। সর্বশেষ ভরসার পাত্র দক্ষিণ কোরিয়াও গ্রুপ পর্বের শেষ দিন বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

নক আউট পর্ব নিশ্চিত করতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। তাও কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জিততে হতো। সেই সঙ্গে আলজেরিয়া-রাশিয়ার ম্যাচ ড্র হওয়া শর্ত ছিল। এই ম্যাচটি ঠিকই ড্র হয়েছে। কিন্তু জয় পায়নি দক্ষিণ কোরিয়া। উল্টো ১-০ গোলে হেরে গেছে তারা।

বৃহস্পতিবার খেলার প্রথমার্ধ গোলশূন্য শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে লিড নেয় বেলজিয়াম। প্রথম দুই ম্যাচেই নক আউট পর্ব নিশ্চিত করা দলটিকে এগিয়ে দেন স্ট্রাইকার জান বারতোহেন।

ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড খেলা নিশ্চিত করেছে বেলজিয়াম। বিপরীতে তিন ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে দেশের প্লেন ধরছে দক্ষিণ কোরিয়া।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর/জেডআই