বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের ম্যাচে ভুটানের বিপক্ষে ঘোষিত ২৩ সদস্যের দলে নাম নেই তার। যে কারণেই এ ঘোষণা দিয়েছেন তিনি।
আগামী মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের প্লে অফের ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে সোমবার দুপুরে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভুটানের বিপক্ষে ঘোষিত দলে মামুনুল ছাড়াও নেই ইয়ামিন মুন্না, ওয়ালী ফয়সাল ও নাসিরের মতো অভিজ্ঞ তারকা ফুটবলাররা।
ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে দেশে ফেরে বাংলাদেশ ফুটবল দল। ওই ম্যাচে পাঁচ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টাই।
এরপর ১০ অক্টোবর অ্যাওয়ে ম্যাচ হবে ভুটানের থিম্পুতে। এশিয়ান কাপের মূলপর্বে উঠতে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টোম সেইন্টফিট শিষ্যদের।
এমএনজে





