শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পেলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রায় দুই বছর পর টেস্টে সেঞ্চুরি করলেন কুক।
ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেন তিনি। তবে দিনের শেষ ওভারে ১০৫ রান করা কুক আউট হলে প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৪০।
বার্বাডোজে চলমান ম্যাচে ইংল্যান্ড মাত্র ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর কুকের সেঞ্চুরির সুবাদে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ইংলিশরা।
হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২০১৩ সালের মে মাসে টেস্ট সেঞ্চুরি করেছিলেন কুক।
জেডআই





