ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডের মাঠে অনেক রান হবে বলে মনে করছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে বাংলাদেশও ভাল রান করতে পারবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, “এই উইকেটে রান হবে। আমার বিশ্বাস, আমরাও রান করতে পারব।”

স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের লক্ষ্য তাড়া করে জয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা ৩১৯ রানের লক্ষ্য তাড়া করেছি। যার বিপক্ষেই হোক না কেন। হ্যাঁ, এদের বিপক্ষে হয়তো আরেকটু কঠিন হবে।”

ব্যাটসম্যানদের নিয়ে আশাবাদী মাশরাফি বলেন, “আমাদের ব্যাটসম্যানরা সবাই আত্মবিশ্বাসী আছে। আগের ম্যাচে সবাই কমবেশি রান করেছে। সাকিব, মুশফিক রানের ভেতর আছে। তামিম খুব ভালো খেলল শেষ ম্যাচে।”

শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেননি। দেশসেরা পেসারের বিশ্বাস, ইংল্যান্ডের বিপক্ষে ছন্দে ফিরবেন তার সতীর্থরা।

জেডআই