প্রথম ওয়ানডের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে। হারারেতে জিম্বাবুইয়ানদের ১২৬ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
আর এই জয় এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ২০১৪ সালের পর এই প্রথম ধোনির নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতল ভারতীয়রা।
প্রথম ম্যাচের মতো সোমবার দ্বিতীয় ম্যাচেও টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারতীয় অধিনায়ক ধোনি। ব্যাটিংয়ে নেমে ৩৯ রানে ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েছিল জিম্বাবুয়ে। ২৫ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৬ রান। এর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। মাত্র ২০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় ১২৬ রানে।
ভারতীয় বোলারদের সামনে এক ভুসি সিবান্দাই যা একটু প্রতিরোধ গড়েছিলেন। তার ব্যাট থেকেই এসেছে ইনিংস সর্বোচ্চ ৫৩ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র দুজন- চামু চিবাবা (২১), ও সিকান্দার রাজা (১৬)।
৬ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন আগের ম্যাচে অভিষেক হওয়া স্পিনার যুজবেন্দ্র চাহাল। এ ছাড়া দুই পেসার বারিন্দার স্রান ও ধবল কুলকার্নি নেন ২টি করে উইকেট।
স্বল্প লক্ষ্যে খেলতে নেমে ওপরের দিকের তিন ব্যাটসম্যানের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ১৩৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।
প্রথম ম্যাচে অভিষেকেই সেঞ্চুরি করে ভারতকে ৯ উইকেটের জয় এনে দেওয়া লোকেশ রাহুল (৩৩) করুন নায়ারের সঙ্গে উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৮ রান। নায়ার প্রথম ম্যাচে ৭ রান করে আউট হলেও এদিন তার ব্যাট থেকে আসে ৩৯ রান। অপরাজিত ৪১ রান করেন আম্বাতি রাইডু।
অনেকটা আনকোরা একটা দল নিয়ে এবার জিম্বাবুয়ে সফরে গেছে ভারত। যে দলে একমাত্র ধোনি ছাড়া অভিজ্ঞ খেলোয়াড় নেই আর কেউই। সেই দলটির সামনেই প্রতিরোধহীনভাবে টানা দুই ম্যাচ হারল হ্যামিল্টন মাসাকাদজা, এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, ভুসি সিবান্দার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া জিম্বাবুয়ে দল। বুধবার শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোই এখন তাদের সামনে বড় চ্যালেঞ্জ।
ওএফ





