অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। কিন্তু তার সেঞ্চুরিতেও বাঁচতে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হেরেছে ৪৮ রানে।

শনিবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে ভারত। অস্ট্রেলিয়ার দেয়া ৩৬৩ রানের লক্ষ্যে খেলতে নামলেও ৩১৫ রানের বেশি সংগ্রহ করতে পারেনি সফরকারীরা। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে কোহলিরা।

ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে অধিনায়ক কোহলি। প্রথম ইনিংসে ১১৫ রান করা এই ব্যাটসম্যান শেষ দিনেও ১৪১ রান করেছে। ১৭৫ বলে একটি ছক্কা ও ১৬টি চারে এই স্কোর করেন তিনি। দলের পক্ষে এটিই সর্বোচ্চ স্কোর।

এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় ৯৯ রান করে আউট হয়েছেন। কিন্তু শেষ দিকের ব্যাটসম্যানরা মাঠে আসা যাওয়া করা ছাড়া তেমন কিছু করতে না পারায় মাত্র ৮৭.১ ওভারেই অল আউট হয়ে যায় ভারত।

ভারতকে বিধ্বস্ত করতে সবচেয়ে বড় অবদান রেখেছেন অস্ট্রেলিয়ার বোলার নাথান লিয়ন। ৩৪.১ ওভারে ১৫২ রান দিয়ে একাই তুলে নেন সাতটি উইকেট। এছাড়া মিশেল জনসন দুটি ও রায়ান হ্যারিস একটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৫১৭/৭ (ডি.); ১২০ ওভার (স্মিথ-১৬২*, ওয়ার্নার ১৪৫ ও ক্লার্ক ১২৮; সামি ২/১২০, অ্যারন ২/১৩৬)

ভারত ১ম ইনিংস: ৪৪৪/১০; ১১৬.৪ ওভার (কোহলি ১১৫, রাহানে ৬২; লায়ন ৫/১৩৪, সিডল ২/৮৮)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২৯০/৫, (ডি.); ৬৯ ওভার (ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*; শর্মা ২/৯৫)

ভারত ২য় ইনিংস: ৩১৫/১০; ৮৭.১ ওভার (কোহলি ১৪১, বিজয় ৯৯; লায়ন ৭/১৫২; জনসন ২/৪৫)

ফল: অস্ট্রেলিয়া ৪৮ রানে জয়ী

সিরিজ: ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে এগিয়ে

ম্যাচসেরা : নাথান লায়ন, ৭+৫ উইকেট (অস্ট্রেলিয়া)

জেডআই