শুক্রবার পাকিস্তান স্টার্স দলের বিপক্ষে নরওয়ের রাজধানী অসলোর বিসলেট স্টেডিয়ামে অলস্টার ক্রিকেট দলের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তামিম ইকবালের। তবে, সেটা আর হচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতিও পেয়েছিলেন তামিম। বুধবার তার নরওয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল। তবে তামিম নিজেই না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
না যাওয়ার পেছনে তামিম ইকবাল বেশ কয়েকটি কারণ সামনে নিয়ে এসেছেন। তামিম জানিয়েছেন, মাত্র বুধবারই প্রদর্শনী এই ম্যাচটি আইসিসির অনুমোদন পেয়েছে। তামিমের চোখে এটাই না যাওয়ার বড় কারণ।
এর বাদে, সেখানে যাওয়া-আসার ব্যবস্থা, ম্যাচ ফি বা পারিশ্রমিক সংক্রান্ত কোনো রকম আলাপ করেনি আয়োজক কর্তৃপক্ষ। তামিমের মতে, এই বিষয়গুলো তার জানা দরকার ছিল।
এর আগে, ২০১৪ সালের পাঁচ জুলাই ক্রিকেট-তীর্থ লর্ডসের ২০০ বছর পূর্তি উপলক্ষে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নেমেছিলেন তামিম।
এসএম





