বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে ৭ উইকেটে জিতেছে তারা।

এই জয়ের ফলে গ্রুপ পর্বে ছয় ম্যাচে চার জয়ে ও একটি ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অস্ট্রেলিয়া। এদিকে হারের ফলে শূন্য হাতেই বিশ্বকাপ থেকে বিদায় নিল বিশ্বকাপের ইতিহাসে কোনো ম্যাচ না জেতা স্কটল্যান্ড।

এদিন অসিদের বোলিং তোপে মাত্র ২৫ ওভার ৪ বলে ১৩০ রানে অলআউট হয়ে যায় স্কটল্যান্ড। জবাবে ১৫ ওভার ২ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারেই অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। একবার জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি ফিঞ্চ। উইকেটে থিতু হয়ে ফিরে যান শেন ওয়াটসনও।

ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৪৭ বলে ৪৭ রান করে ফিরে যান তিনি। তার বিদায়ের পরপরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যান।

কিছুক্ষণ পর খেলা শুরু হলে জেমস ফকনার ও ডেভিড ওয়ার্নারের তাণ্ডবে বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে মাত্র ১২ বলে ৪১ রানের জুটি গড়েন এই দুই জনে।

এর আগে শনিবার হোবার্টের বেলেরিভ ওভালে টস হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই কাইল কোয়েটজারকে হারায় স্কটল্যান্ড। এরপর পাল্টা আক্রমণে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ক্যালাম ম্যাকলয়েড ও ম্যাট মাচান। লয়েডকে বিদায় করে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ম্যাচ সেরা মিচেল স্ট্যার্ক।

মাচান ছাড়া আর কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান ভালো করতে না পারায় ১ উইকেটে ৩৬ রান থেকে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৯৫ রান।

জ্যাভিয়ের ডোহার্টির বদলে দলে ফেরা প্যাটি কামিন্সের শিকারে পরিণত হওয়ার আগে ৪০ রানের ভালো একটি ইনিংস খেলেন মাচান।

স্কটল্যান্ডের সর্বোচ্চ ৩৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েন জস ডেভি ও মাইকেল লিস্ক। বৃষ্টির কারণে ২৫তম ওভার শেষে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। এরপর খেলা শুরু হলে মাত্র ৪ বল স্থায়ী হয় স্কটল্যান্ডের ইনিংস।

অস্ট্রেলিয়ার সেরা বোলার স্টার্ক মাত্র ১৪ রানে ৪ উইকেট শিকার করেন।

জেডআই