অবশেষে মাহমুদউল্লাহ রিয়াদেকে রেখেই শ্রীলঙ্কা সফরে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করা হয়েছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন শুভাগত হোম চৌধুরী ও নবাগত বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।

আজ সোমবার সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি। সাধারণত ওয়ানডে সিরিজের জন্য ১৪ বা ১৫ সদস্যের দল দেওয়ার রীতি থাকলেও এবারে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহকে ওয়ানডে থেকে বাদ দেওয়ার গুঞ্জনে ব্যাপক সমালোচনার পর তাকে রাখতেই দল ১৬ সদস্যের।

বিগত নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও তানবীর হায়দার।

চোটের কারণে ওই সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না মুশফিকুর রহিম। এবার তিনি দলে ফিরলেও টিকে গেছেন ওই সিরিজে তার বদলি নুরুল হাসান সোহান।

ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম বাঁহাতি স্পিনার সানজামুল। যদিও তিনি বড় দৈর্ঘ্যের উপযোগী বলে মনে করা হয়। সদ্য সমাপ্ত প্রথম শ্রেণির মৌসুমে ১০ ম্যাচে ৩৩ উইকেট নিয়ে সানজামুল চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি।

ইমরুল কায়েস টিকে গেছেন ওয়ানডেতেও। টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মুমিনুল ইসলাম। ২৫ মার্চ ডাম্বুলায় শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় চৌধুরী, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান সোহান।

এমবি