বৃষ্টির পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলার রাবাদার বোলিং ঝড়ে তছনছ হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৬) ও মুশফিক (১)।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে "আস্তে চলো" নীতিতে ব্যাট চালানো শুরু করেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। সৌম্যর স্বাভাবিক খেলায় যাত্রা শুরু হলেও চতুর্থ ওভারেই সব কিছু তছনছ করে দেন দক্ষিণ আফ্রিকার বোলার কাগিসু রাবাদা।
চতুর্থ ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে মাঠ থেকে বিদায় নেন ১৩ বলে রানের খাতা খুলতে না পারা তামিম ইকবাল। পরের বলে বেহারদেইনের হাতে ক্যাচ তুলে দেন ওয়ানডাউনে মাঠে নামা লিটন দাস (০)। ওভারের শেষ বলে মাহমুদুল্লাহ এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন। এতে হ্যাটট্রিক পূর্ণ হয় রাবাদার।
অষ্টম ওভারের দ্বিতীয় বলে আবার রাবাদার শিকারে পরিণত হন সৌম্য সরকার। ডুমিনির হাতে ক্যাচ আউট হওয়ার আগে ২৭ বলে চার চারের সুবাদে ২৭ রান করেন তিনি।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৩টায় ম্যাচটি মাঠে গড়ানোর কথা থাকলেও টানা বর্ষণের কারণে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। পরে ৫টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হয়। আর ৫০ ওভার থেকে কমিয়ে খেলা ৪০ ওভারে নির্ধারণ করা হয়।
জেডআই





