চলতি মৌসুমে সিরি আ'তে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারল জুভেন্টাস। রোববার রাতে স্বাগতিক রোমার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত দুই মৌসুমে জুভেন্টাসের সাথে শিরোপা দৌড়ে পিছিয়ে রানার্স-আপ হওয়া রোমা দ্বিতীয়ার্ধে বসনিয়ান জুটি মিরালেম পানিচ ও এডিন জেকোর কল্যাণে ২-০ গোলে লিড নেয়। এর আগে অবশ্য ৭৮ মিনিটে দুটি হলুদ কার্ডের কারণে ফ্রেঞ্চ ফরোয়ার্ড প্যাট্রিস ইভরা মাঠ ত্যাগ করলে জুভেন্টাস ১০জনের দলে পরিণত হয়। শেষ মিনিটে পাওলো ডিবালা একটি গোল পরিশোধ করলেও তা সান্ত্বনা হয়েই থেকেছে। মৌসুমে জুভেন্টাসের দুই ম্যাচে এটাই প্রথম গোল।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সেসকো টোট্টির একমাত্র গোলে লীগে জুভেন্টাসকে পরাজিত করেছিল রোমা। তারপর থেকে ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে আর পেরে উঠেনি দ্বিতীয় স্থানে থাকা ক্লাবটি।

খেলার ৬১ মিনিটে পানিচ গোল করে রোমাকে এগিয়ে দেন। কাউন্টার অ্যাটাক থেকে সালাহর জেকোর দিকে বল বাড়িয়ে দেন। কিন্তু বুফনের দক্ষতায় সে যাত্রায় ব্যবধান দ্বিগুন করতে পারেনি স্বাগতিকরা। জেকোর পাস থেকে পানিচ নিজের দ্বিতীয় গোলের সুযোগ নষ্ট করেন।

চেলসি থেকে ধারে খেলতে আসা উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো ৭৫ মিনিটে সিমোনে পাডোয়িনের বদলি হিসেবে মাঠে নামেন। তবে ইভরার লাল কার্ডে জুভরা নিজেদের ছন্দ হারিয়ে ফেলে। সেই সুযোগে বামদিক থেকে সালাহর ক্রসে জেকো হেডের সাহায্যে বুফনকে বোকা বানান। ম্যাচ শেষের তিন মিনিট আগে ডিবালার গোল জুভেন্টাসকে শুধু সান্ত্বনাই উপহার দিয়েছে।

জেডআই