দলীয় ৪৫ রানে চতুর্থ উইকেটের পতন ঘটল বাংলাদেশের। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হলেন ইমরুল কায়েস। তিনি করলেন ১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২১.৩ ওভারে চার উইকেট হারিয়ে ৫১ রান।
ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলে বোলার সুরঙ্গা লাকমলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তিন বল খেলে চার রান করেছেন তিনি। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রান আউট হয়েছেন মুমিনুল হক। তিন বল খেলে শূন্য রান করেছেন তিনি। দলীয় ১২ রানে সুরঙ্গা লাকমলের বলে বোল্ড হয়েছেন মুশফিকুর রহিম। ২২ বল খেলে এক রান করেন তিনি।
মিরপুরে আজ শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। সকালে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ২২২ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছে।
শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেছেন। ৬৮ রান করে আউট হয়েছেন কুসল মেন্ডিস। ৫৬ রান করেছেন রোশেন সিলভা। দশটি উইকেটের মধ্যে বাংলাদেশ দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও তাইজুল ইসলাম নিয়েছেন আটটি উইকেট। বাকি দুইটি উইকেট নিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান।
১৬ ওভার বল করে ৬৩ রান দিয়ে চারটি উইকেট নেন আব্দুর রাজ্জাক। টেস্টে এক ইনিংসে আব্দুর রাজ্জাকের এটি সেরা বোলিং। আরেক স্পিনার তাইজুল ইসলামও নিয়েছেন চারটি উইকেট। ২৫.৩ ওভার বল করে ৮৩ রান দিয়েছেন তিনি। ১১ ওভার বল করে ১৭ রান দিয়ে দুইটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।
এসএম





