বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নতুন আঙ্গিকে হতে যাচ্ছে। এই আসরের নামেও পরিবর্তন এসেছে। এবার বিপিএলের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল।
শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিপিএল’র লোগো উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আসন্ন বিপিএল’র লোগো উম্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল, বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান গাজী গোলাম মর্ত্তুজা, বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবির হাই পারফরম্যান্স দলের চেয়ারম্যান ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস ও বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন কর্মকর্তারা।
আগামীকাল (১৭ নভেম্বর) রোববার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে সপ্তম বিপিএল’র ‘প্লেয়ার্স ড্রাফট’। আগামী ৮ ডিসেম্বর এবারের আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পূর্ণ নিজেদের অর্থায়নে ‘বঙ্গবন্ধু বিপিএল’র আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
গতবারের মতো এবারও ৭টি দল থাকছে। অনুষ্ঠানে দলগুলোর নাম ঘোষণা করা হয়। তবে, এবারের আসরে দলের নামগুলো বদলেছে।
দলগুলো হলো- যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স, সিলেট থান্ডার্স, রংপুর রেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, কুমিল্লা ওয়ারিয়র্স।
এমবি





