বিপিএলের চলতি আসরে প্রথম দেখায় চিটাগং ভাইকিংসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় রংপুর রাইডার্স। আজ আবার মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স।

গেইলের আগমণে আজকের ম্যাচে রংপুরকে সেই একই ব্যবধানে হারিয়েছে চিটাগং। রংপুরের দেওয়া ১২৫ রানের টার্গেট ৯ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় তুলে নেয় চিটাগং ভাইকিংস।

ক্রিস গেইল ২৬ বলে ২চার ও ৪ ছক্কায় ৪০ রান করে আউট হন। তামিম ইকবাল ৪৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে এনামুল হক বিজয় ২২ রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরা নির্বাচিত হন তামিম ইকবাল।

এ জয়ের ফলে ৯ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে চিটাগং ভাইকিংস। সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রংপুর রাইডার্স।

রোববার সন্ধ্যায় টস জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা ১২৪ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য গেইল-তামিমদের সামনে লক্ষ্যমাত্রা ১২৫ রান।

আজ অবশ্য সুবিধা করতে পারেননি মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ মিথুন। শেহজাদ ২১ ও মিথুন ১২ রান করে আউট হন। আশা জাগিয়েও আফ্রিদি ১৩ রানের বেশি করতে পারেননি। আজ সৌম্য সরকার সর্বোচ্চ ২৬ রান করেন। শেষ দিকে আনোয়ার আলী অপরাজিত ২০ রান করলে ১২৪ রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স।

বল হাতে চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ ও মোহাম্মদ নবী ২টি করে উইকেট নেন।

এআই